
পদত্যাগের পর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব গোলাম রব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১৭ আগস্টের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে এতদ্বারা বাতিল করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এর আগে বিক্ষোভের মুখে পদত্যাগ করেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদ।
সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাটির এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভের মুখে তিনি অফিস ছেড়ে চলে যান। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ‘মব’ তৈরি করে তাকে অপসারণের জন্য চাপ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ তুলেন মাহবুব মোর্শেদ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]