
রাজধানী ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে উচ্চ আদালতের দেওয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট বিবাদীদের এ বিষয়ে নেওয়া পদক্ষেপের বিস্তারিত হলফনামা আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল।
আদালতের এ নির্দেশনার মধ্যদিয়ে ২০২০ সালে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেওয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি আবারও পর্যালোচনার উদ্যোগ নেওয়া হলো।
২০২০ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা এক জনস্বার্থমূলক রিটের শুনানি শেষে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট।
ওই নির্দেশনার মধ্যে রয়েছে, ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিয়মিত পানি ছিটানো, বালু পরিবহনের ট্রাক ঢেকে রাখা, নির্মাণকাজের স্থান ঘিরে রাখা, বিভিন্ন মার্কেটের বর্জ্য নির্দিষ্ট সময়ে ব্যাগে ভরে অপসারণ এবং ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা বন্ধ করা।
এইচআরপিবির পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত।
নির্দেশনা পালনে ব্যর্থতার অভিযোগে পাঁচ জেলার জেলা প্রশাসককেও আদালতে তলব করা হয়েছিল।
শুনানিতে আজ এইচআরপিবির পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমানে ঢাকায় বায়ুদূষণ বাড়ছে। কিন্তু আদালতের আগের নির্দেশনা অনুযায়ী কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে বায়ুদূষণের কারণে নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।
রিটের আবেদনকারীরা হলেন এইচআরপিবির পক্ষে আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও রিপন বাড়ৈ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]