
হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রবিবার (১৭ মে) হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ (কোনো আদেশ নয়) দেন।
আইভীর আইনজীবীরা জানান, সাবেক মেয়রের বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই এখন জামিন বহাল রয়েছে। ফলে তার কারাগার থেকে মুক্তি পেতে আইনি কোনো জটিলতা রইল না।
এর আগে, ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। তবে এরপর সিদ্ধিরগঞ্জ থানার এই দুটি হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় গত ২ মার্চ এবং অপরটিতে ১২ এপ্রিল তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।
পরবর্তীতে গত ৩০ এপ্রিল হাইকোর্ট এক আদেশে সিদ্ধিরগঞ্জ থানার ওই দুই মামলায় রুল ইস্যুসহ আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। হাইকোর্টের সেই জামিন আদেশ স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আবেদন করে, যা আজ চেম্বার আদালতের কার্যতালিকায় ৪১ ও ৪২ নম্বরে শুনানির জন্য ওঠে। চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া না দেয়ায় হাইকোর্টের জামিন আদেশই বহাল থাকে।
আদালতে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]