নিজ বাড়িতে ইউটিউবারকে পিটিয়ে হত্যা, স্ত্রী আটক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১
নিজ বাড়িতে ইউটিউবারকে পিটিয়ে হত্যা, স্ত্রী আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

নিজ বাড়িতে এক ইউটিউবারকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার মঞ্চেরিয়াল শহরে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউটিউবারের স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহতের নাম বৈদ্য মোহন (৪৫)।


সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় নিহতের স্ত্রী যমুনা (৪০) এবং তাদের ১৭ বছর বয়সী মেয়ে সিন্ধু বাড়িতে ছিলেন বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক বিবাদের একপর্যায়ে ইউটিউবার মোহনের পর শিলপাটার নোড়া দিয়ে হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


এ ঘটনায় রামগুন্ডামের পুলিশ কমিশনার অম্বর কিশোর ঝা বলেন, আমরা হত্যাকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাটি ভোরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজনকে আটক করেছি এবং এ ঘটনার আরও তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক বিবাদের কারণে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে।


এ ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ করছে। কোন পরিস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার পাশাপাশি পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।


পুলিশ জানিয়েছে, ইউটিউবার মোহনের স্ত্রী যমুনাকে আটক করা হয়েছে। সব অভিযোগ এখন তদন্ত এবং বিচারবিভাগীয় প্রক্রিয়ার অধীন রয়েছে।


জানা গেছে, মোহন ও যমুনার প্রায় ২০ বছর আগে বিয়ে হয়েছিল। এতদিন পর ঠিক কোন কারণে এই হামলা চালানো হলো এবং এর সূত্রপাত কী, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


উল্লেখ্য, মোহন একজন ইউটিউবার। নিজে একটি নিউজ চ্যানেলে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এ কারণে তার মৃত্যুর ঘটনায় বিষয়টি স্থানীয় এলাকা এবং সাংবাদিকমহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com