পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:০৩
শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় থেকে ফিরিয়ে আনার প্রত্যাশা করে বাংলাদেশ। তবে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের ‘দুটি শর্ত’ জুড়ে দেওয়ার খবর নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ।


তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে আনুষ্ঠানিক কোনও শর্তের কথা উল্লেখ করে যোগাযোগ করা হয়নি।


সোমবার (১৬ নভেশ্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠিয়েছে। এছাড়া আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির আইনি ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখছে।


প্রতিমন্ত্রী বলেন, সরকার মনে করে—অন্য যে কোনো অভিযুক্ত ব্যক্তির মতোই শেখ হাসিনাকেও এই চুক্তির আওতায় ফিরিয়ে আনা উচিত, যেন তিনি তার সাজা ভোগ করতে পারেন।


তিনি বলেন, শুধু বাংলাদেশি নাগরিকত্ব থাকলেই কি কেউ পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন? তিনি উল্লেখ করেন, প্রচলিত আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত অপরাধী বা গুরুতর মামলার মুখোমুখি থাকা ব্যক্তিদের পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়।


হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে—যার মধ্যে রয়েছে আপিলের সুযোগ দেওয়া এবং বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করা—সম্প্রতি গণমাধ্যমে (বিবিসি বাংলার প্রতিবেদনে) এমন খবরের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনে এসব শর্তের কোনো ভিত্তি নেই।


তিনি স্পষ্ট করে বলেন, না, মোটেও না। এ বিষয়ে তাদের (ভারতের) সঙ্গে আমাদের কোনো আলোচনাই হয়নি। অর্থাৎ, বিবিসি বাংলার প্রতিবেদনে যে ধরনের প্রস্তাবের কথা বলা হয়েছে, ভারত থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো প্রস্তাব পায়নি বাংলাদেশ।


শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শেখ হাসিনার বিষয়ের চেয়ে অনেক বেশি বিস্তৃত। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় রয়েছে, যা কূটনীতির মাধ্যমে সমাধান করা প্রয়োজন।


তিনি এ ইস্যুটিকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের কিছু সমস্যা রয়েছে। আমরা কূটনীতির মাধ্যমেই সেই সমস্যাগুলোর সমাধান করবো।


তিনি এ-ও বলেন, ভারতে অবস্থানকালে শেখ হাসিনা যদি এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন যা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে, তবে সরকার তা উপেক্ষা করতে পারে না। বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ—যা মূলত ১৭-১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল—সেটি বাতিল করা হয়নি, বরং উভয় পক্ষের সুবিধাজনক অন্য কোনো সময়ে তা অনুষ্ঠিত হবে।


তিনি বলেন, সংলাপটি বাতিল হয়ে গেছে মর্মে যে খবর ছড়িয়েছে তা ভুল তথ্য। উভয় পক্ষই একমত হয়েছে যে, সংশ্লিষ্ট সবার সুবিধামতো সময়ে আলোচনাটি আয়োজন করা বেশি ভালো হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com