
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ ও জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে বদলি করা হয়েছে।
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে। এবং হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।
রবিবার (১৫ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা একপ্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার করা হলো।
অপর দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে রবিবার গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত এ মিছিলে হাজারও নেতাকর্মী অংশ নেন। এ সময় লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙচুর করেন। জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]