১২১ কারখানায় উৎপাদন বন্ধ, ‘কাজ নেই, বেতন নেই’ ৬৫টিতে
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:০০
১২১ কারখানায় উৎপাদন বন্ধ, ‘কাজ নেই, বেতন নেই’ ৬৫টিতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে দেশের বিভিন্ন শিল্প এলাকায় তৈরি পোশাক খাতের ১২১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৬৫টি কারখানা আগে থেকেই শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে বন্ধ ছিল। এর বাইরে চালু থাকা আরও ৫৬টি কারখানার উৎপাদন বন্ধ করতে হয়েছে।


রবিবার (১৫ নভেম্বর) দুপুর পর্যন্ত বন্ধ কারখানার এ তথ্য সঠিক বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক শোভন ইসলাম।


তিনি বলেন, সকালে কারখানা খোলার পর আশুলিয়ার মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বহিরাগতরা এসে কিছু কারখানা থেকে শ্রমিকদের বের করে দেয়। আবার কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কার্ড পাঞ্চ করে বের হয়ে যান।


শোভন ইসলাম বলেন, শ্রমিকরা সকালে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সড়কগুলো আবার সচল করা সম্ভব হয়েছে।


এদিকে আশুলিয়ায় ১৩(১) ধারায় আগে থেকেই যেসব কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল, সেগুলোও বন্ধ রয়েছে।


সাভার ও আশুলিয়ায় ১৩(১) ধারায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে-ফ্যাশন ডট কম, এনভয় কমপ্লেক্স, তাহারাত কম্পোজিট, জিহান লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট, লুসাকা গ্রুপ, জিহান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরুণিমা গ্রুপ, লাইভ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, কানিজ ফ্যাশন লিমিটেড, এম এম নিটওয়্যার, এএলএফ অ্যাপারেল, এআর জেন্স লিমিটেড, রেডিয়ান নিটওয়্যার লিমিটেড, মাহিম নিটওয়্যার, আইরিস ফ্যাশন, ন্যাচারাল ডেনিম, এস-২১ লিমিটেড ও কন্টিনেন্টাল লিমিটেড। এসব কারখানাসহ সারা দেশের ৬৫টি কারখানার ফটকে ১৩(১) ধারায় বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।


তৈরি পোশাক খাতের একাধিক উদ্যোক্তা জানান, মজুরি বাড়ানোর দাবিতে সৃষ্ট শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধ রাখতে হলে পণ্য সরবরাহ (শিপমেন্ট) বাতিল এবং কার্যাদেশ হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে ঝুঁকি নিয়েও অনেক কারখানা চালু রাখতে হচ্ছে।


তাঁরা বলেন, দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকলে নির্ধারিত সময়ে শিপমেন্ট দেওয়া সম্ভব হবে না। এতে উদ্যোক্তা ও ক্রেতা-উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা কার্যাদেশ অন্য দেশে সরিয়ে নিতে পারেন। এ কারণে ঝুঁকি থাকলেও কারখানা চালু রাখার চেষ্টা করছেন উদ্যোক্তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com