আগস্টে নতুন দুই রুটে চলবে ট্রেন: রেলমন্ত্রী
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৯:১২
আগস্টে নতুন দুই রুটে চলবে ট্রেন: রেলমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সড়ক পরিবহণ, সেতু, নৌপরিবহণ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চলতি বছরের আগস্ট মাসেই দুটি নতুন রুটে ট্রেন চলাচল শুরু হবে।


শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্পবিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।


​মন্ত্রী জানান, যোগাযোগব্যবস্থার উন্নয়নে আগস্ট মাসে দুটি নতুন রুটে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথম দফায় চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরবর্তী ধাপে চালু হবে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন সার্ভিস। এই রুটের জন্য লোকোমোটিভ (ইঞ্জিন) ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং খুব দ্রুতই নতুন কোচ (বগি) যুক্ত হবে।

​কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ের সব কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) ও ডিপিপি প্রণয়নের কাজ শেষ। সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। দেশে খুব দ্রুতই আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ বা সমন্বিত যোগাযোগব্যবস্থা দৃশ্যমান হবে।

​পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, কাউকে প্রতিপক্ষ বানিয়ে নয়, বরং মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন বা বাড়তি সুবিধা দেওয়া হবে না। সরকারের কাছে কেবলই জনস্বার্থ প্রাধান্য পাবে।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য ​সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য ​আবু তালেব মণ্ডল, সংসদ সদস্য, (পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসন) আরেফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


পরে মন্ত্রী সন্ধ্যায় আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com