রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার
প্রকাশ : ১৬ মে ২০২৬, ২১:১২
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (১৬ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, ‘অধ্যাপক হাসিবুর রশীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে দেখতে আটক করে রাখে। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।’


অধ্যাপক হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের জুন মাসে তাঁকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন। আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি তিনি। চলতি বছরের ৯ এপ্রিল এই মামলায় রায় হয়। রায়ে এই মামলার ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। এর মধ্যে অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এর আগে গত বছরের ৩০ জুন তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ অগাস্ট পদত্যাগ করেন অধ্যাপক রশীদ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com