সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০২:০৮
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের মীরসরাই আসনের (চট্টগ্রাম-১) সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে (৮৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মীরসরাইয়ের ধুম ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চার সন্তান ও নাতিরা উপস্থিত ছিলেন।


এর আগে বিকাল ৫টায় মহাজানহাট কলেজ মাঠে মোশাররফ হোসেনের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিপুল মানুষের অংশগ্রহণে জানাজার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়া মরদেহবাহী গাড়িতে করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাড়িতে মরদেহ নেওয়া হয়। কবরস্থানের কাছাকাছি নেওয়ার পর মোশাররফ হোসেনের মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান পরিবারের সদস্যরা।


বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারও মুসল্লি অংশ নেন।


এই জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন শাহ।


জানাজার নামাজ শেষে মরদেহ বের করার সময় কিছু মুসল্লি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মরদেহবাহী গাড়ির সঙ্গে সঙ্গে বের হয়ে যান। তবে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।


এর আগে বুধবার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com