
বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার প্রতিটি দিনই যেন শুরু হয় বায়ুদূষণ নিয়ে। হয়তো শীর্ষে, নয়তো ‘অস্বাস্থ্যকর’। এর মধ্যেই অতিবাহিত হয় রাজধানীবাসীর। তারই ধারাবাহিকতায় আজও সকাল থেকেই ঢাকার আকাশে চারদিকে কড়া রোদের আভাস থাকলেও বাতাসের ভারী ধূলিকণা আর দূষণে নগরবাসীর নিশ্বাস নেয়াই দায় হয়ে পড়েছে।
বিশ্বজুড়ে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, বৃহস্পতিবার (১৪ মে) বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আবারও শীর্ষ দুয়ে উঠে এসেছে।
আজ সকালের লাইভ র্যাঙ্কিংয়ে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর দাঁড়িয়েছে ১৬৫। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে। তালিকার শীর্ষে রয়েছে মিসরের কায়রো (স্কোর ১৬৮) এবং দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের ঢাকা, স্কোর ১৬৫, তৃতীয় অবস্থানে চীনের বেইজিং স্কোর ১৬২, চতুর্থ অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগোর স্কোর ১৫৯ এবং পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৭।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা গ্রহণযোগ্য। কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ নগরবাসীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী নির্মাণ কাজ, যানবাহনের ধোঁয়া এবং শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকার বায়ুমান ক্রমাগত নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য এই বাতাস অত্যন্ত বিপজ্জনক। চিকিৎসকরা বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, আজ বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহরের তালিকায় ৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ঢাকার এই অবস্থান পরিবর্তনের জন্য পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ এবং ধূলিকণা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]