‘টিকা নিয়ে দোষারোপ নয়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল অগ্রাধিকার’
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:১৮
‘টিকা নিয়ে দোষারোপ নয়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল অগ্রাধিকার’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হামের টিকা কার্যক্রমে কোথায় কী ভুল হয়েছে তা খুঁজে বের করার আগে মানুষের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হামের টিকা নিয়ে কে দোষ করেছে সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। আমরা এটাই চেষ্টা করছি।


বুধবার (১৩ মে) সরকারি ভ্যাকসিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী জানান, হামের পর অনেক ক্ষেত্রে নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দেয়, আর এমন পরিস্থিতিতে ভেন্টিলেশনই প্রধান সহায়তা হয়ে ওঠে। তিনি বলেন, রোগীদের চিকিৎসা ব্যবস্থায় প্রয়োজনীয় ভেন্টিলেশন সুবিধা বাড়ানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে সাম্প্রতিক সময়ে আরও ১০টি ভেন্টিলেটর অনুদান হিসেবে পাওয়া গেছে। একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস উদ্যোক্তার মাধ্যমে এই সহায়তা এসেছে বলেও তিনি উল্লেখ করেন। এসব সরঞ্জাম দ্রুত বিতরণ করা হবে বলে জানান তিনি।


হামের চিকিৎসা ব্যবস্থাপনা, আইসোলেশন সেবা, আইসিইউ সুবিধা এবং চিকিৎসকদের প্রস্তুতি সবকিছুই চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।


টিকাদান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চীনের সিনোভ্যাকের মাধ্যমে চীনা সরকারের সমর্থনসহ ৭৬ হাজার ৬১৬ ভায়াল ভ্যাকসিন পাওয়া গেছে, যা ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজের সমান। এসব ভ্যাকসিন বিভিন্ন টিকাদান কার্যক্রমে ব্যবহার করা হবে। তিনি আরও জানান, পোলিও টিকা কার্যক্রম শুরু করা হবে এবং অ্যান্টির্যাবিস টিকাদানও নিয়মিতভাবে চলবে।


তিনি দাবি করেন, দেশের কোনো শিশু টিকাদান কর্মসূচির বাইরে থাকবে না। ভিটামিন ‘এ’ ক্যাপসুলের সরবরাহ কিছুটা সীমিত থাকলেও জুন মাস নাগাদ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চালু রাখার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com