বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন
প্রকাশ : ১২ মে ২০২৬, ২০:০১
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার আশা ক্ষীণ হয়ে আসায় বিশ্ববাজারে মার্কিন ডলার ও জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে।


মঙ্গলবার (১২ মে) তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থান থেকে স্বর্ণের দাম এক ধাক্কায় অনেকটা নিচে নেমে গেছে। খবর রয়টার্স


মঙ্গলবার স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৬ দশমিক শূন্য ৭ ডলারে। এর আগে গত ২১ এপ্রিলের পর স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল আজ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে জুন মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার চুক্তির মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৭০৩ দশমিক শূন্য ২০ ডলারে নেমেছে।


বাজার বিশ্লেষকরা বলছেন, মূলত ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির তথ্য আসার আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এই দরপতন।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া একটি প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প ইরানের দেয়া পাল্টা দাবিগুলোকে ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করেছেন।



এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওলে হ্যানসেন বলেন, জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম মার্কিন বন্ডের ইল্ড (মুনাফা) এবং ডলারের মানকে শক্তিশালী করছে। এর ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের চেয়ে ডলারের দিকে বেশি ঝুঁকছেন।


আজই যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসের মুদ্রাস্ফীতির (সিপিআই) তথ্য প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই তথ্যের ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) পরবর্তী সুদের হারের সিদ্ধান্ত নেবে। সাধারণত তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা সুদের হার কমানোর পথ বন্ধ করে দেয়। স্বর্ণের ওপর কোনো সুদ পাওয়া যায় না বলে সুদের হার বাড়লে এই মূল্যবান ধাতুর চাহিদা কমে যায়।


সিএমই গ্রুপের ‘ফেডওয়াচ’ টুলের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা এ বছর সুদের হার কমার আশা প্রায় ছেড়েই দিয়েছেন। এমনকি ২০২৭ সালের মার্চের মধ্যে সুদের হার আরও বাড়ার ৩৬ শতাংশ সম্ভাবনা দেখছেন অনেকে।


বুধবার (১৩ মে) থেকে দুই দিনের সফরে চীন যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে মধ্যপ্রাচ্য ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিনিয়োগকারীরা এখন এই সফরের ফলাফলের দিকে তাকিয়ে আছেন।


স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ কমেছে। রুপার দাম ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৮৩ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ২ হাজার ৭৭ দশমিক ৪৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৪৭৯ দশমিক ৯১ ডলারে নেমে এসেছে।


এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com