ইরানে শপিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ৮
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১১:১০
ইরানে শপিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভবনের বাইরের দাহ্য আবরণ বা ক্ল্যাডিংয়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার পর দায়ীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ইরান সরকার।


সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, অগ্নিকাণ্ডের শিকার শপিং সেন্টারটি তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ এলাকায় অবস্থিত। আরঘাভান শপিং সেন্টারের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। দেশটির বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।


মূলত আগুন লাগার পর তা বেশ দ্রুতই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ভবনের বড় অংশ আগুনে পুড়ে যাচ্ছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। ইরানের সংবাদপত্র ‘মিজান’ জানিয়েছে, ভবনের বাইরের অংশে ব্যবহৃত দাহ্য ক্ল্যাডিংয়ের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভবনের নিরাপত্তা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, এই ঘটনার জন্য দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং এর মধ্যে ভবনের ডেভেলপারকেও দায়ীদের তালিকায় রাখা হয়েছে।



অন্যদিকে স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমদিকে অন্তত পাঁচজন নিহত ও ২৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। পরে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়ে। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের বাইরের আবরণে ব্যবহৃত উপকরণ অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


এদিকে ইরানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থল থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। আইআরআইবি ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, আগুন ‘বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণে’ আনা সম্ভব হয়েছে।


বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আশপাশের ভবন, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা এবং সড়কের বিন্যাস বিশ্লেষণ করে তারা ঘটনাস্থলের অবস্থান নিশ্চিত করেছে এবং ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই করেছে।


এ অগ্নিকাণ্ডের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। গত ৪ মে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com