
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে রাজধানীতে কোন ধরনের শঙ্কা নেই। কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে সন্ধ্যা ৬টার আগেই সবাইকে রমনা পার্ক ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার মো সরওয়ার।
রবিবার (১২ এপ্রিল) বিকালে রমনা পার্কে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রতিটি মোড়ে বসানো হবে তল্লাশি চেকপোস্ট। সিসি ক্যামেরা, ড্রোনসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরো এলাকা থাকবে নজরদারিতে।
ডিএমপি কমিশনার বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। অপপ্রচার রোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা কাজ করবে সমন্বিতভাবে।
তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। আতশবাজি ফোটানোতেও রয়েছে কড়াকড়ি। রমনা পার্কে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, এরপর বন্ধ থাকবে প্রবেশ। সন্ধ্যা ৬টার আগেই সবাইকে পার্ক ত্যাগ করতে হবে।
ডিএমপি জানায়, শোভাযাত্রার পুরো রুট থাকবে নিরাপত্তার চাদরে আবৃত। কোনও হুমকির তথ্য নেই বলে জানান ডিএমপি কমিশনার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]