
দেশজুড়ে ভোজ্যতেল ও জ্বালানির কৃত্রিম সংকট ঠেকাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত অভিযানে প্রায় ৫০ হাজার লিটার অবৈধভাবে মজুত করা তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, বাজারে অস্থিরতা তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এর অংশ হিসেবে শুক্রবার পরিচালিত অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে এই অবৈধ মজুত তেল জব্দ ও জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলীর মোজ্জারটেক বাজার, সদরঘাট ও মেডিক্যাল রোড এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এ সময় আবাসিক ভবনের ফ্ল্যাট ও ব্যক্তিগত গুদাম থেকে অবৈধভাবে মজুত করা অকটেন, পেট্রোল, ডিজেল ও ভোজ্যতেল জব্দ করা হয়। এসব অভিযানে মোট ৪৫ হাজার ৫৪৯ লিটার তেল উদ্ধার করা হয়।
একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন, অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব এবং অবৈধ মজুতের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ দেড় হাজার লিটার তেলও জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় পৃথক অভিযানে ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুতের দায়ে দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে জরিমানাও করা হয়েছে।
অন্যদিকে ফরিদপুরের কোতোয়ালি এলাকায় একটি পেট্রোল পাম্পকে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মোটরসাইকেলের ট্যাংকে অতিরিক্ত জ্বালানি নেওয়ার দায়ে এক আরোহীকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]