
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সময় বিকেল চারটায় এই আলোচনা শুরু হয়। তবে বৈঠকটি কীভাবে অনুষ্ঠিত হচ্ছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। পাকিস্তান সরকারের সূত্রগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সরকারি সূত্রগুলো বলছে, পাকিস্তান কর্তৃপক্ষ ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের চেষ্টা করছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দেশ দুটি সরাসরি আলোচনায় সম্মত হলে, ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিই হবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের রাজধানীতে ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে শুরু হয়েছে আলোচনা। আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল পৌঁছায় শনিবার সকালে।
এর আগে শনিবার আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। এ সময় মার্কিন দলের নেতৃত্বে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]