
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেখানে গতকাল এ রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মোট ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৪ জনের হাম নিশ্চিত হয়েছিল।
অন্যদিকে গত একদিনে নতুন করে ৮৮৮ শিশুর মধ্যে ভাইরাসজনিত রোগটির উপসর্গ দেখা গেছে।এর আগে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছিল ১ হাজার ১৭৭ জন।
এদিকে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ নিয়ে মোট ৯ হাজার ৪৬৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে মোট ৭ হাজার ২২ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৭৮ জনের মধ্যে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগে ২ হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৫ জন, খুলনা বিভাগে ১ হাজার ১৬৬ জন, বরিশাল বিভাগে ৯০৮ জন, সিলেট বিভাগে ৬৪৪ জন, রংপুর বিভাগে ৫৪৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৪৮ জনের সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ দেখা গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]