শত্রুপক্ষের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫
শত্রুপক্ষের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি মার্কিন-ইসরাইলি হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান এবং ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজি।


তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তেহরানে খারাজির বাসভবন লক্ষ্য করে চালানো মার্কিন-ইসরাইলি হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি মারা যান।


গত ১ এপ্রিল একই হামলায় তার স্ত্রীও নিহত হন। খবর প্রেস টিভি’র।


১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে কয়েক দশকব্যাপী দীর্ঘ জনসেবামূলক কর্মজীবনে ড. খারাজি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


তিনি স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন।


২০০৬ সালের জুনে প্রতিষ্ঠিত স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস ইরানের একটি গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ও উপদেষ্টা সংস্থা, যা সরাসরি ইসলামী বিপ্লবের নেতার কাছে প্রতিবেদন দেয়।


এটি বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে পরিচিত এবং জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক কূটনীতির বিষয়ে উচ্চপর্যায়ের বিশ্লেষণ ও পরামর্শ দেয়।


ড. খারাজি ১৯৯৭ সালের ২০ আগস্ট থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্যও ছিলেন।


ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি আগ্রাসী যুদ্ধের মধ্যেই ড. খারাজি মারা গেলেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইরানে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানির তথ্যও দিয়েছে প্রেস টিভি। যদিও এ সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে অন্য বিভিন্ন গণমাধ্যম।


চলমান এই আগ্রাসনে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও সামরিক কমান্ডারও নিহত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com