
জুলাইয়ের গণঅভ্যুত্থান গত ১৭ বছরে বিএনপির ধারাবাহিক আন্দোলনেরই ফলাফল বলে মন্তব্য করেছেন সরকারি দলের সদস্যরা
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে এ মন্তব্য করেন দলীয় সংসদ সদস্যরা।
তারা বলেন, 'জুলাই আন্দোলনের অর্জন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি সবার সম্মিলিত বিজয়, কারণ বিএনপি গত ১৭ বছর ধরে ধীরে ধীরে এ আন্দোলনের ভিত্তি তৈরি করেছে।'
জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।
ময়মনসিংহ-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান বলেন, 'যদিও জুলাইয়ের অভ্যুত্থান ছিল ছাত্র-জনতার আন্দোলন, তবে আমরা গত ১৭ বছর ধরে এর ভিত্তি প্রস্তুত করেছি।'
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে স্বৈরশাসন কায়েমের চেষ্টা করেছে এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা বিজয় অর্জন করেছেন।
এ সময় তিনি জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করেন। তারা বেগম খালেদা জিয়াকে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে উল্লেখ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হয়, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন।
পরবর্তীতে কার্যউপদেষ্টা কমিটি এ ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। চিফ হুইপ মো. নূরুল ইসলাম রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন এবং হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু তা সমর্থন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার প্রশংসা করে মাহবুবুর রহমান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও জনশক্তি উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চালু এবং শিক্ষাখাতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা এসব খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে।
সংসদ সদস্যরা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]