
বাংলাদেশ থেকে স্বাস্থ্যসেবা খাতে কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।
বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ।
সাক্ষাতে হাইকমিশনার দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় তিনি মালদ্বীপে স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
প্রতিমন্ত্রী নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীর উপস্থিতির প্রশংসা করেন।
বৈঠকে উভয় পক্ষ ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদলের বিনিময় বাড়ানোর ওপর জোর দেন এবং গত ১২ মার্চ মালদ্বীপের জাতীয় বিমান সংস্থার সরাসরি মালে-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি স্বাগত জানান।
হাইকমিশনার মালদ্বীপের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশি শ্রমশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় মালদ্বীপ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ করেন।
প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের সমর্থনের প্রশংসা করেন। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। উভয়পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপরও জোর দেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]