
রাজধানী ঢাকায় জনদুর্ভোগ কমাতে এবং পথচারীদের চলাচলের সুবিধায় বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১ এপ্রিল) সকাল এ অভিযান শুরু হয়। অভিযানের মূল লক্ষ্য ফুটপাত ও সড়কের অংশ দখল করে গড়ে ওঠা অবৈধ রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ও স্থায়ী স্থাপনা উচ্ছেদ ।
ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহানগরের আট ট্রাফিক বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের পাশে অবৈধভাবে দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাফিক বিভাগ জানায়, প্রভাবশালী কিছু ব্যবসায়ীর দখলদারিত্বের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, অভিযানটি সাধারণ হকারদের বিরুদ্ধে নয়, বরং যেসব ব্যবসায়ী সড়কের ওপর রেস্টুরেন্টের রান্নাঘর বা স্থায়ী স্থাপনা নির্মাণ করে জনপথ দখল করেছেন, তাদের বিরুদ্ধেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বৈধ সীমার বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি হকারদের জন্য নির্ধারিত এলাকায় শিগগিরই ‘হলিডে’ ও ‘নাইট মার্কেট’ চালুর পরিকল্পনাও রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]