ফেরিতে গাড়ি ওঠার আগে নামাতে হবে যাত্রী: যোগাযোগমন্ত্রী
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৬:৫৯
ফেরিতে গাড়ি ওঠার আগে নামাতে হবে যাত্রী: যোগাযোগমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামানো নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।


রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


তিনি বলেন, ঈদে দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না। সব যাত্রী কিন্তু সচেতন না; আমাদের যাত্রীদের মধ্যে অনেকে আছে যাদের সচেতনতার অভাব আছে। দেড় কোটি মানুষ নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি।


মন্ত্রী বলেন, ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামানো নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। ওখানে একটা ব্যারিয়ারের কথা বলা হয়েছে, ব্যারিয়ার থাকবে। যদিও ওটা একটু কৌশলগতভাবে সমস্যা আছে, তারপরও ব্যারিয়ার থাকবে। বিআরটিএ ও মালিক সমিতি নিশ্চিত করছে যে, যাত্রী সম্পূর্ণ নামিয়ে গাড়ি ফেরিতে উঠতে হবে। এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি, যা কার্যকর হবে।


মন্ত্রী আরও জানান, জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে। কে ট্রাফিক রুল মানছে না তা নিয়ন্ত্রণ করা যাবে। কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে— মানে টিকিট ছাড়া যাত্রীদের তুলে তার ইচ্ছামতো ভাড়া নিয়ে গন্তব্যে চলে যাচ্ছে—সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।



তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে সকল বাস বা কমার্শিয়াল পরিবহনে জিপিএস ইনস্টল করার সিদ্ধান্ত হয়েছে। এই জিপিএস ইনস্টল করলে এর মাধ্যমে যারা ওভারস্পিড করবে— ৮০ কিমি বা ৬০ কিমি লিমিটের বাইরে যারা যাবে— তাদের প্রত্যেকের রেকর্ড ফুটেজ আসবে। সেই অনুযায়ী তার ঘরে মামলার জরিমানা চলে যাবে।


তিনি আরও বলেন, জিপিএস-এর মাধ্যমে আমরা এটাও করতে পারব যে, আনফিট বাসগুলো রাস্তায় নেমেছে কি না। একটা বাসের ফিটনেস দুই বছর পর পর হয়। এখন ওইটা বিআরটিএ-র কাছে রেকর্ড আছে কারা কারা ফিটনেস নবায়ন করেনি। কিন্তু সে রাস্তায় নামলে আমরা তাকে জরিমানা করতে পারি না; গ্যারেজে গিয়ে জরিমানা করলে বলবে যে আমি তো চালাইনি। কিন্তু সে রাস্তায় নামালে ওই ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটা নিয়ন্ত্রণ করবে বিআরটিএসহ পুলিশ।


মন্ত্রী বলেন, ডিজিটাল সিস্টেমে অলরেডি আমরা ডিএমপি এবং হাইওয়ে পুলিশ সিসি ক্যামেরার রেকর্ড ও স্পিড ক্যামেরার রেকর্ড দিয়ে মামলা পরিচালনা করছি। অতএব আস্তে আস্তে এটা শৃঙ্খলায় আসবে। এটা শুধু হাইওয়ের গাড়ি না, সকল গাড়ির জন্য জিপিএস। ধরেন একটা গাড়ি ঢাকার ভেতরে ঢোকার কথা না, সে গাবতলী পর্যন্ত থাকবে; সে চলে আসলো এখানে কলাবাগান পর্যন্ত বা আরামবাগ পর্যন্ত—ওই গাড়ির বিরুদ্ধে মামলা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com