
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একজন প্যারামেডিক নিহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, জেজ্জিন সড়কে সাংবাদিক চিহ্নিত গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। নিহতরা হলেন আল-মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফতুনি ও তার সহকর্মী ও ভাই মোহাম্মদ, এবং আল-মানারের সাংবাদিক আলি শুয়াইব। আল-মায়াদিনের তথ্য অনুযায়ী, তাদের বহনকারী গাড়িটিতে চারটি নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছালে প্যারামেডিকদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে একজন প্যারামেডিক নিহত হন। আল-মায়াদিন ও আল-মানার উভয়ই তাদের সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করে দাবি করেছে, নিহত আলি শুয়াইব হিজবুল্লাহর একটি গোয়েন্দা ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। তারা আরও অভিযোগ করেছে, তিনি হিজবুল্লাহর প্রচারণা ছড়াতেন।
তবে আল-মানার এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, আলি শুয়াইব তাদের অন্যতম অভিজ্ঞ যুদ্ধসংবাদদাতা ছিলেন এবং দীর্ঘদিন ধরে লেবাননে ইসরায়েলি হামলার সংবাদ কাভার করছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]