
দেশে অনেক সমস্যা আছে। মানুষকে বোঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে ধৈর্য ধারণে সহযোগিতা করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) রাতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
কার্যালয়ের সামনে ভিড় করা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে যাতে স্বাভাবিকভাবে সবকিছু হয়। অফিসে আমি আরও আসব, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয়, তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সঙ্গে দেখা-সাক্ষাৎ করা সম্ভব হবে, দলের কাজ করা সম্ভব হবে। আমি কথা বুঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না।’
রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ‘যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা কোন বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তাটা ক্লিয়ার করতে হবে। সবকিছু স্বাভাবিক রাখতে হবে।’
দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজেই এখানে যে সকল নেতাকর্মী আছেন, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছেন, আমাদেরকে আইন-শৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়—সেই জিনিসগুলো করা যাবে না।’
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি বলেন, ‘দেশে অনেক সমস্যা আছে। মানুষকে বোঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে। আমাদের অনেক কাজ আছে। প্রথম এক নম্বর কাজ হচ্ছে রাস্তা ক্লিয়ার করতে হবে, অফিসে যাতে আমি আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারব, আপনাদের সহযোগিতা না থাকলে আমি অফিসে আসতে পারব না।’
এ সময় তিনি নেতাকর্মীদের কাছে জানতে চান, তারা চান কিনা তিনি অফিসে আসুন। নেতাকর্মীরা সমস্বরে ‘হ্যাঁ’ উত্তর দিলে তিনি বলেন, ‘তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে, পরিবেশটা নরমাল রাখতে হবে। আমি আরও দু-একদিন আসব। আমি দেখবো আপনারা যদি পরিবেশ স্বাভাবিক রাখেন তাহলে আমি আসবো। আর আপনারা যদি স্বাভাবিক না রাখেন, তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ আমি আসলেই আপনারা যদি এরকম করেন, এলাকার মানুষের সমস্যা হবে। এদিকের বহু হাজার হাজার মানুষ যাওয়া আসা করে, তাদের সমস্যা হবে। কাজেই আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না।’
তিনি নেতাকর্মীদের বাম দিকে চেপে রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘এখন অনুরোধ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করতে হবে। সবাই বাম দিকে চেপে আসেন। রাস্তাটা খুলে দেন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]