গুলশানে চাঁদা দাবি: গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা অপু গ্রেফতার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২:০৮
গুলশানে চাঁদা দাবি: গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা অপু গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


শুক্রবার (১ আগস্ট) তাকে রাজধানীর ওয়ারী থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


তিনি বলেন, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেফতার করেছে ডিবি।


চাঁদাবাজির ঘটনায় এর আগে গ্রেফতার পাঁচজনের মধ্যে চারজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে আছেন। এর মধ্যে ইব্রাহীম হোসেন মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক, একই কমিটির সদস্য হলেন মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এ ছাড়া আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য।


সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপি শাম্মি আহম্মেদের বাসা থেকে গত ১৭ জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেওয়ার ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়ে আসে। পরে ফের চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।


এদিকে, চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মি আহম্মেদের বাসার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com