শিরোনাম
বিদেশি ভিডিও কনফারেন্সিং প্লাটফর্মে তথ্যের নিরাপত্তা অনিশ্চিত
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২১, ১৭:১০
বিদেশি ভিডিও কনফারেন্সিং প্লাটফর্মে তথ্যের নিরাপত্তা অনিশ্চিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জুম, ওয়েব এক্স অ্যাপের মতো বিদেশি ভিডিও কনফারেন্সিং প্লাটফর্মগুলো ব্যবহারে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


তিনি বলেন, আমাদের কূটনৈতিক যোগাযোগ স্থাপনের জন্য এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা বৈঠক ভিডিও কনফারেন্স প্লাটফর্মটি সরকারিভাবে তৈরি করি।


রবিবার (২৫ এপ্রিল) ‘বৈঠক’এর বেটা সংস্করণ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ও হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


পলক বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে এখন বেশিরভাগ অনুষ্ঠানই হচ্ছে ভার্চুয়ালি। এক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম অ্যাপের ব্যবহার হচ্ছে বেশি। এবার জুম অ্যাপের আদলে ‘বৈঠক’ নামে একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ তৈরি করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ‘বৈঠক’ ভিডিও কনফারেন্স প্লাটফর্ম আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশের এক নতুন মাইলফলক। ‘বৈঠক’ প্ল্যাটফর্মটি হোস্ট করা হয়েছে আমাদের নিজস্ব ন্যাশনাল ডাটা সেন্টারে। ফলে বৈঠকে যে ভিডিও, তথ্য শেয়ার করছি সব কিছুই আমাদের বাংলাদেশের মাটিতে থাকছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের বাস্তবতা ও প্রয়োজনীয়তা যথাযথভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের পরামর্শে বিগত ১২ বছরে ডিজিটাল বাংলাদেশের যথাযথ উন্নয়ন ও অবকাঠামো গড়ে ওঠার কারণে দেশের সাড়ে ৪ কোটি শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম, লক্ষ লক্ষ ই-কমার্স উদ্যোক্তাদের অনলাইন ই-কমার্স কার্যক্রম, ভার্চুয়াল কোর্ট, বিনোদন, সরবরাহ, এমনকি কোরবানির পশুর হাট পর্যন্ত ডিজিটাল প্লাটফর্মে ক্রয়-বিক্রয় করা হয়েছে।


তিনি আরো বলেন, ‘বৈঠক’ প্ল্যাটফর্মের বেটা ভার্সন ব্যবহারের মাধ্যমে যে সকল পরামর্শ পাওয়া যাবে সেগুলোকে অন্তর্ভুক্ত করে ‘বৈঠক’ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি সকলের জন্য উন্মুক্ত করা হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সব কিছুতেই কানেক্টিভিটি বেড়েছে, আমরা এখন আইটির কানেক্টিভিটির দিকেও মনোযোগ দিয়েছি। আইটি একটি অত্যন্ত শক্তিশালী কানেক্টিভিটি এর মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা তৈরি হবে, অধিক কর্মসংস্থানও সৃষ্টি হবে। বাংলাদেশের সফটওয়্যার খাতের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বৈঠক প্ল্যাটফর্ম।


বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক ও বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, বিসিসি এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com