শিরোনাম
বন্ধই থাকছে দেশের সব আদালত
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২০, ১৬:৩১
বন্ধই থাকছে দেশের সব আদালত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা পরিস্থিতির কারণে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা। রবিবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়।


এছাড়া ফুল কোর্ট সভায় একটি অধ্যাদেশ জারির মাধ্যমে ভার্চুয়াল কোর্ট চালু করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের হাইকোর্ট রুলস সংশোধন করে ভার্চুয়াল আদালত স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।


এর আগে গত ২৬ মার্চ থেকে সারা দেশে আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ক্রমেই সাধারণ ছুটির মেয়াদ বাড়তে থাকায় সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আবেদনে সীমিত পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ২৩ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর আদালত খোলার বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে পৃথকভাবে কয়েকটি বিজ্ঞপ্তি জারি করা হয়।


এই সিদ্ধান্তের পর অধিকাংশ আইনজীবীদের তীব্র সমালোচনার মুখে ঢাকা ও চট্টগ্রাম আইনজীবী সমিতি আদালত বন্ধ রাখার জন্য উল্টো আবেদন দেয়। এ ছাড়া সাধারণ ও সিনিয়র আইনজীবীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। তারা আদালত কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান। এ প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট প্রশাসন আগের সিদ্ধান্ত থেকে সরে আসে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com