শিরোনাম
নিলয় হত্যার প্রতিবেদন ১৩ অক্টোবর
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯
নিলয় হত্যার প্রতিবেদন ১৩ অক্টোবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।


সোমবার (৯ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তদন্ত প্রতিবেদনে দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।


২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিনই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)।


ঘটনার দিন রাতে নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলার পর বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলাটিমের সাত সদস্যকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়।


গ্রেফতার সাতজনের মধ্যে কারাগারে আছেন- মাওলানা মুফতি আবদুল গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার, সাদ আল নাহিদ। এ ছাড়া জামিনে রয়েছেন মাসুম রানা ও তরিকুল ইসলাম নামে দুজন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com