শিরোনাম
ভাড়াটিয়া ভিএস বাড়িওয়ালা’তে মিশু ও নাবিলা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১৬:৩৭
ভাড়াটিয়া ভিএস বাড়িওয়ালা’তে মিশু ও নাবিলা
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

ছোটপর্দার এই সময়ের প্রিয় দুই মুখ মিশু সাব্বির ও নাবিলা ইসলাম এর আগে একসঙ্গে বেশকিছু নাটকে কাজ করেছেন। তবে এবারই প্রথম তারা দু’জন এই সময়ের অন্যতম ব্যস্ততম ও মেধাবী নাট্য পরিচালক সরদার রোকনের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ভাড়াটিয়া ভিএস বাড়িওয়ালা’।


গেলো ২৩ ও ২৪ জুলাই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ণের কাজ শেষ হয়েছে। এতে ভাড়াটিয়ার চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির এবং তারই ভাড়া করা বউ চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম। নাটকটিতে বাড়িওয়ালার চরিত্রে অভিনয় করেছেন শিখা খান মৌ।


নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকটির গল্প প্রসঙ্গে সরদার রোকন জানান। শিখা খান মৌ একজন বাড়িওয়ালা। কিন্তু তিনি ব্যাচেলর ভাড়া দিতে চান না। তাই মিশু সাব্বির পরিকল্পনা করে নাবিলাকে ভাড়া করা বউ বানিয়ে শিখার বাড়িতে বাসা ভাড়া নেন। এরপর ঘটতে থাকে নানান মজার ঘটনা।


নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিশু সাব্বির বলেন, ‘এবারই প্রথম সরদার রোকনের নির্দেশনায় অভিনয় করেছি। খুব গুছিয়ে এবং অনেক যত্ন নিয়ে কাজ করেন তিনি। নির্মাতা হিসেবে তারমধ্যে আমি দেখেছি তিনি জানেন আসলে তিনি শিল্পীর কাছ থেকে কী চাচ্ছেন। আর এ জন্যই তার কাজ ভালো হয়েছে। নাবিলার সঙ্গে এর আগে বেশকিছু নাটকে কাজ করেছি। নাবিলা এখন অভিনয়ে খুব ভালো করছে। তার অভিনয়ের মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে যা দর্শককে মুগ্ধ করে।’



নাবিলা ইসলাম বলেন, ‘মিশু সাব্বির ভাই একজন পেশাদার অভিনেতা। তার আলাদা দর্শকই আছে। তারসঙ্গে কাজ করার সময়টা বেশ উপভোগ্য হয়। রোকন ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজের অভিজ্ঞতা অনেক ভালো। যেহেতু গল্পটা বেশ মজার। তাই আমরা শুটিং-এর সময়টাও বেশ উপভোগ করেছি। ঈদে দর্শকের শুধুমাত্র বিনোদন দেবার লক্ষ্যেই নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি ভালোলাগবে সবার।’


আগামী ঈদের তৃতীয়দিন দুপুর ১.০০টায় একুশে টিভিতে নাটকটি প্রচার হবে। এদিকে মিশু সাব্বির এরইমধ্যে ইমরাউল রাফাত, অমি, ইউসুফ, তপু খান, নবী’সহ আরো অনেক পরিচালকের ঈদ নাটকের কাজ শেষ করেছেন।


অন্যদিকে নাবিলা ইসলাম সকাল আহমেদের সাতপর্বের ধারাবাহিক ‘লেকু মিয়ার এভারেস্ট জয়’সহ আরো একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও তিনি মেহেদী হাসান মুকুল, ফরহাদ আলম, কে এম নাঈম, সৈয়দ শাকিলসহ আরো বেশ ক’জন নাট্যনির্দেশকের নাটকের কাজ শেষ করেছেন।


বিবার্তা/অভি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com