
মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে তিন ফসলি জমি থেকে মাটি কাটার সময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি এস্কেভেটর অকার্যকর করা হয় এবং মাটি পরিবহনের জন্য তৈরি করা ডাইভার্শন রাস্তা অপসারণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাইতপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। এ সময় বাগুলী (শান্তিপুর) তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রিফাইতপুর এলাকায় একটি চক্র তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটছিল। খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালায়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অভিযানের বিষয়টি টের পেয়ে তারা পালিয়ে যায়।
এসময় মাটিকাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে অকার্যকর করা হয়। এছাড়া খাল ভরাট করে তৈরি করা মাটি পরিবহনের ডাইভার্শন রাস্তা অপসারণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, অবৈধ মাটিকাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বিবার্তা/হাবিবুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]