
ঝিনাইদহের মহেশপুর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর ছেলে। অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে নূর মোহাম্মদ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন। কাজের একপর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ শুরু হয়। বিরোধের একপর্যায়ে জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত বলে ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি ইমরান আলম জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]