ভোটকেন্দ্রে হামলার মামলায় যশোরের আওয়ামী লীগ নেত্রী মহুয়া কারাগারে
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪১
ভোটকেন্দ্রে হামলার মামলায় যশোরের আওয়ামী লীগ নেত্রী মহুয়া কারাগারে
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে (৩৮) আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের ঘোপ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আটক মহুয়া যশোর শহরের পালবাড়ী গাজীরহাট রোড এলাকার কর্নেল সোহরাব আলীর মেয়ে।


পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আটক করা হয়েছে।


মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দিন আওয়ামী লীগ-সমর্থিত একদল সশস্ত্র ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বোমা ও জিআই পাইপ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যার চেষ্টা চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে লাঠিসোঁটা ও জিআই পাইপ দিয়ে মারধর এবং ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকজনকে আহত করা হয়।


পুলিশের দাবি, মামলাটির প্রাথমিক তদন্তে নাসিমা সুলতানা মহুয়ার সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com