
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। তারা একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ফ্লাইওভারের ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল তাদের মরদেহ। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য।
নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত নারী ও পুরুষ শিশুটির মা-বাবা কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে ফ্লাইওভারে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে থাকা একজন নারী, একজন পুরুষ এবং একটি শিশুর মরদেহ দেখতে পান তারা।
তিনি বলেন, মোটরসাইকেলটি কীসের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনায় পড়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ছাড়া ফ্লাইওভারটিতে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]