মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৮:৪৩
মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দাদাবাড়িতে জিয়াফত খেতে যাওয়ার আনন্দ ছিল মনে। বাবার অটোভ্যান চালিয়ে মাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১১ বছরের বায়েজিদ শেখ। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। মায়ের চোখের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় ছিটকে গিয়ে পাশের আরেকটি গাছের ওপর পড়ে প্রাণ হারায় বায়েজিদ। দুর্ঘটনায় তার মা ছিটকে পড়েন পাশের ধানখেতে। সম্বিত ফেরে পেয়ে ছুটে এসে দেখে বুকের মাণিক নিথর দেহে পড়ে আছে সড়কে।


শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের গণি খাঁর মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ শেখ উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক মিল্টন শেখের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে সে বড়। মুরসালিনা নামে তার একটি বোন রয়েছে।


বায়েজিদের মা বাতাসী বেগম জানান, নিহতের পিতা মিল্টন শেখ জিয়াফত আয়োজনের কাজে আগেই চলে যায়। দুপুরে ছেলেকে নিয়ে রাজাপুরের নিজ বাড়ি থেকে দাদপুর গ্রামে শ্বশুরবাড়িতে জিয়াফত খেতে যাচ্ছিলেন তিনি। পথে গণি খাঁর মোড়ের কাছে পৌঁছালে দ্রুতগতির কারণে অটোভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বায়েজিদ। এ সময় ভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় চালকের আসন থেকে ছিটকে গাছের ওপর পড়ে বায়েজিদ। আর তিনি ছিটকে পড়েন পাশের ধানখেতে। ছেলেকে বারবার ধীরে ভ্যান চালানোর জন্য নিষেধ করলে সে গতি কমাতে গিয়ে বাড়িয়ে ফেলে নিয়ন্ত্রণ হারায় বলে জানান বাতাসী বেগম।


বায়েজিদের খালাতো ভাই দাদপুর গ্রামের মোজাহিদ মোল্যা জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ার পর ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়।


পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বায়েজিদকে মৃত ঘোষণা করেন।


জরুরি বিভাগ সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার বুক ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।


চিকিৎসকদের ধারণা, গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।


খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বিশ্বাস হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তাঁর ভাষ্য, প্রাথমিক তদন্তে এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে প্রতীয়মান হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মানবিক বিবেচনায় মরদেহ হস্তান্তরের বিষয়টি বিবেচনা করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com