
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনারুল ইসলাম নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তার পেট ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে শ্রীপুর রেলওয়ে স্টেশনে অন্য ট্রেনের সঙ্গে ক্রসিংয়ের জন্য তিস্তা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকাকালে এ ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম আনারুল ইসলাম। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর সময় বগি থেকে চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে যান। পরে তারা রক্তাক্ত অবস্থায় আনারুলকে উদ্ধার করেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]