
জয়পুরহাট সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার এলাকা দিয়ে ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আজিম হোসেন জানান, সকালে সীমান্তসংলগ্ন মাঠে কাজ করার সময় তিনি বিএসএফ সদস্যদের ওই তিন যুবককে ২৭৬ নম্বর পিলারের কাছে এনে রাখার দৃশ্য দেখতে পান।
বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে তৎপর হন। খবর পেয়ে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দেন। ২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কপথে বিজিবি ও স্থানীয়রা সতর্ক অবস্থান নেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই তিন যুবক ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করেন।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার বৈঠকে এ বিষয়ে কোনো চূড়ান্ত সুরাহা হয়নি।
বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন জানান, বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নিয়ে পুশইন ঠেকিয়েছে। প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সমাধান না হওয়ায় এ বিষয়ে আরও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]