রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২১:০৫
রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হলো ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬।


সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, আন্তর্জাতিক এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের তরুণ টেনিস খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। একইসঙ্গে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ হয়েছে। আমি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করছি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।


স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। আরও বক্তব্য দেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তারিক এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।


আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)-এর অনুমোদনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।


আয়োজকরা জানান, ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৬ দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।


বালকদের মধ্যে র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল, তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‍্যাংকিং ১০৫৯। বালিকাদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের শেখ শাজফা, তার র‍্যাংকিং ২০৪৫।


বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে ৮ জন করে কোয়ালিফাইং রাউন্ড এবং ৪ জন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন। এছাড়া বালক ও বালিকা দ্বৈতে ১৬টি করে ড্র থাকবে।


এবারের টুর্নামেন্টে রাজশাহীর ৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর মধ্যে মেইন ড্রতে খেলবেন রাকিন রহমান ও বকুল আলী।


টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com