রাজশাহী রেল স্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২৩:৪৫
রাজশাহী রেল স্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের রাষ্ট্রের ‘শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।


বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


এ সময় ভূমি মন্ত্রী বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। যারা অনাকাঙ্ক্ষিতভাবে এই স্থাপনা ধ্বংস করেছে, তারা পুরো রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত হেনেছে।


তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর তাণ্ডবের তীব্র নিন্দা জানান।


মন্ত্রী বলেন, গত ৫ আগস্ট রাজশাহী ও ঢাকায় ছাত্র-জনতার ওপর যেভাবে হামলা চালিয়ে শহীদ সাকিব আনজুম সহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়েছিল, ঠিক একই কায়দায় ঐতিহ্যবাহী রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে।


তিনি জানান, রেল স্টেশনে ভাঙচুর ও নাশকতার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির মুখোমুখি করা হবে।


যারা এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য ছড়াচ্ছে, তাদের 'রাজশাহী ও রাষ্ট্রের শত্রু' হিসেবে অভিহিত করে তিনি জানান, প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে এদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীবাসীকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন,বহিরাগত কোনো শত্রু বা ষড়যন্ত্রকারী যদি চক্রান্ত করার চেষ্টা করে, তবে রাজশাহীবাসী অতীতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, ভবিষ্যতেও একইভাবে তার উপযুক্ত জবাব দেবে।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা,আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।


এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি'র সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাড. আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী,সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সহ থানা,ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com