নাফিউল হত্যা মামলায় লাশ উত্তালেনের ৮ মাসেও ফরেনসিক প্রতিবেদন পায়নি পরিবার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৭
নাফিউল হত্যা মামলায় লাশ উত্তালেনের ৮ মাসেও ফরেনসিক প্রতিবেদন পায়নি পরিবার
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল করিম সোহান হত্যা মামলায় লাশ উত্তোলনের আট মাস পেরিয়ে গেলেও এখনো পাওয়া যায়নি ফরেনসিক প্রতিবেদন। এতে হতাশ হয়ে পড়েছে নিহতের পরিবার। দ্রুত রিপোর্ট প্রকাশ, আসামিদের গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনার একটি সংবাদপত্র অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান নাফিউলের বাবা-মা।


পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের নাফিউল করিম সোহান ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। গত বছরের ৯ জুন সকালে বাড়ির নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে নাফিউলকে শ্বাসরোধে হত্যা করা হয়।


ঘটনার পর গত ৪ আগস্ট নাফিউলের মা নাসিমা আক্তার ছয়জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি নিহত নাফিউলের লাশ কবর থেকে উত্তোলন করে পুলিশ।


তবে পরিবারের অভিযোগ, হত্যার প্রায় ১৫ মাস এবং লাশ উত্তোলনের আট মাস পেরিয়ে গেলেও মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলেও দাবি তাদের।


এদিকে, মামলা করার পর থেকেই আসামিপক্ষ বিভিন্নভাবে তাদের হুমকি-ধামকি ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন নাফিউলের বাবা-মা। এমনকি মারধরেরও অভিযোগ করেছেন তারা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নিহতের স্বজনরা।


পরিবারের অভিযোগ, তদন্তের গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট এখনো না আসায় মামলার অগ্রগতি নিয়েও প্রশ্ন উঠেছে। দ্রুত ফরেনসিক রিপোর্ট সংগ্রহ, নিরপেক্ষ তদন্ত এবং হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নাফিউলের বাবা-মা।


ছেলেকে হারিয়ে বিচারের অপেক্ষায় পরিবার। তাদের দাবি আর দীর্ঘসূত্রতা নয়, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com