পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব মহোৎসব, ভক্তদের ঢল
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩২
পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব মহোৎসব, ভক্তদের ঢল
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে পাবনায় চলছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়েছেন হাজারো ভক্ত। ধর্মীয় নানা আয়োজন, ভক্তি সংগীত ও মহাপ্রসাদ বিতরণকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণ।


শনিবার শুরু হওয়া এ আয়োজনে প্রভাতে সমবেত প্রার্থনা, মাঙ্গলিকী, তারকব্রহ্ম নামসংকীর্তন, সকাল-সন্ধ্যায় নাম-ধ্যান, সদ্‌গ্রন্থাদি পাঠ, ভক্তি সংগীত ও বিশ্বকল্যাণে বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।


মহোৎসব উপলক্ষে হাজারো ভক্তের জন্য চলছে মহাপ্রসাদ রান্নার আয়োজন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা নিজেরাই রান্না ও পরিবেশনের কাজে অংশ নিচ্ছেন। এতে আশ্রমজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।


শেষ দিনের কর্মসূচিতে রয়েছে লীলাকীর্তন, শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঋত্বিক পরিষদ সভা, যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন, কিশোরমেলা ও মহাপ্রসাদ বিতরণ। এছাড়া ধর্মসভা, লোকরঞ্জনসহ রয়েছে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন।


আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের অংশগ্রহণে প্রতিবছরই এ আয়োজন মিলনমেলায় পরিণত হয়। ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন ও আদর্শ ব্যক্তিজীবন ও সমাজজীবনে প্রতিফলিত করাই তাদের মূল লক্ষ্য।


দুই দিনের এ আয়োজনে শেষ দিনের বিভিন্ন অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর অংশ গ্রহণ করেন ।


সৎসঙ্গ বাংলাদেশের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মণ বলেন, ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ ও দর্শন মানুষের জীবনকে সুন্দর ও কল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ভক্ত মহোৎসবে অংশ নিয়েছেন।


নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির পর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির খেলা এবং সন্ধ্যার সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে এবারের ১৩৯তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com