
রাজশাহী রেলওয়ে স্টেশনে কর্মচারীদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। মারধরে এক শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত লেগে ব্রেন হেমারেজ হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাবি স্টেশন সংলগ্ন রেলপথে আগুন জ্বালিয়ে অবরোধ এবং পরবর্তীতে মূল স্টেশন ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঘটনার সূত্রপাত হয়। গুরুতর আহত শিক্ষার্থীর নাম আইয়ুব আলী, যিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইয়ুব আলী তার চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। এ সময় স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব আলী ওই শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গেলে আনসার সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় আইয়ুব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাবি রেলওয়ে স্টেশনের রেলপথে অবস্থান নেন। এ সময় তারা রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকাগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’সহ বেশ কয়েকটি ট্রেন স্টেশনে আটকা পড়ে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছে স্টেশন ভবন ঘেরাও করেন। এ সময় পরিস্থিতি থমথমে হয়ে উঠলে এবং ট্রেনের আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন সাধারণ যাত্রীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) এজিএস সালমান সাব্বির বলেন, ‘রাজশাহী রেলওয়ে স্টেশনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে আনসার সদস্যরা কোনো কারণ ছাড়াই আটক করে মারধর করেছেন। এর আগেও রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীকে আটকে রেখে একটি কক্ষে মারধর ও জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে।’
তিনি বলেন, রেললাইন ও স্টেশনকে কেন্দ্র করে রেলওয়ের কর্মচারী, কর্মকর্তা ও টিটিইদের মাধ্যমে শিক্ষার্থীরা বারবার হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। এসব ঘটনার প্রতিবাদ এবং পুনরাবৃত্তি ঠেকাতেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।
এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম রেলের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘এই ধরনের কোনো ভায়োলেন্সের কোনো ঘটনা কাম্য নয়। আমরা ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাচ্ছি। এর সঙ্গে জড়িতদের অবশ্যই অব্যাহতি দেয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আজ শিক্ষার্থীদের যে ক্ষোভ দেখা যাচ্ছে, তা অহেতুক নয়। ভিডিওতে দেখা গেছে আমাদের তিনজন শিক্ষার্থীকে নৃশংসভাবে পেটানো হয়েছে। হাসপাতালে তাদের দেখে এসেছি, একজনের মাথায় গুরুতর আঘাত ও ব্রেন হেমারেজ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। এমন পরিস্থিতিতে সহপাঠীদের মধ্যে উত্তেজনা থাকা স্বাভাবিক।
তিনি বলেন, রেল কর্তৃপক্ষের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের চরম পেশাদারিত্বের অভাব ছিল। কোনো শিক্ষার্থী আইন ভাঙলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা বা জরিমানা হতে পারত, কিন্তু বহিরাগতদের নিয়ে এসে এভাবে পেটানো গ্রহণযোগ্য নয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]