
বগুড়া মহানগরীর চারমাথা গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড় থেকে নকল টাকার বস্তা কুড়িয়ে পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পড়ে থাকা এসব টাকা আসল ভেবে কুড়িয়ে নিয়ে যান স্থানীয়রা। পরে সেগুলো নকল বুঝতে পেরে অনেকেই আবার ফেলে দেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা নকল টাকা সংগ্রহ করে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড়ে দুইটা বস্তা পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। বস্তার ভেতরে ৫০০ ও ১ হাজার টাকার নোট দেখতে পেয়ে অনেকেই সেগুলো আসল টাকা মনে করে বাড়িতে নিয়ে যান। তবে পরে ভালো করে খেয়াল করলে দেখা যায়, টাকার গায়ে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে। টাকাগুলো নকল বুঝতে পেরে অনেকেই তা আবার ফেলে দেন।
স্থানীয়দের দাবি, ময়লার ভাগাড়ে দুই বস্তা টাকা ছিল। অনেকেই বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে গেছেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে এক হাজার টাকার নকল নোটের একটি বান্ডিল জব্দ করা হয়েছে। এ টাকার পেছনে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা আছে।
তিনি আরও বলেন, নকল টাকার উৎস কী এবং কারা এগুলো ভাগাড়ে ফেলে গেছে, তা শনাক্তে পুলিশের তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]