ঐক্যবদ্ধ শক্তি ধরে রেখে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনের
পবায় সামাজিক বনায়ন ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১
ঐক্যবদ্ধ শক্তি ধরে রেখে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনের
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত ঐক্যবদ্ধ শক্তিকে কোনোভাবেই বিভাজন হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।


তিনি বলেন, এই ঐক্যকে কাজে লাগিয়ে আগামীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে হবে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়ায় পৃথক দুটি কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এদিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)'র সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় অংশীদারিত্বের ভিত্তিতে দর্শনপাড়া বাগশৈল দাখিল মাদ্রাসায় ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ এবং দর্শনপাড়া তেঁতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি। পরে তেঁতুলিয়াডাঙ্গা সায়েদুল উলুম দাখিল মাদ্রাসা পরিদর্শন ও বৃক্ষরোপণ এবং জোহাখালী খালপাড় ও একটি ক্ষতিগ্রস্ত ব্রিজের দুইপার পরিদর্শন করেন।


প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, যে বাংলাদেশ থমকে গিয়েছিল,জিম্মি হয়ে পড়েছিল, দেশের বুকে জগদ্দল পাথর চাপা দেওয়া ছিল, সেখান থেকে কোমলমতি শিক্ষার্থীরা আমাদের মুক্ত করেছে। তারা যখন রাস্তায় জীবন দিতে শুরু করল, তখন অভিভাবকরাও ঘরে বসে থাকতে পারেননি। এটি ছিল একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান।


তিনি বলেন,বিগত দিনে যারা দেশের সম্পদ লুট করেছে, তারা এখন নিরাপদ আশ্রয় খুঁজতে বনের বাঘের মতো দিকবিদিক পালাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে হবে, প্রয়োজনে দেশ রক্ষায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।


বিএনপি চেয়ারপারসন প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আজ বিশ্ববাসী 'গণতন্ত্রের মা' বলে ডাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সততাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে।


পরিবেশ ও ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সুস্থতার জন্য বেশি করে গাছ লাগাতে হবে। গাছ না লাগালে অক্সিজেন পাওয়া যাবে না। তাই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সবাইকে গাছ লাগাতে হবে। স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচারণা বাড়াতে হবে।


তিনি আরও বলেন,আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বা দুর্নীতি চাই না। বাংলাদেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই।


কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সরকার, সুলতান আহামেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম, বিএমডিএ রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, দর্শনপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান রমজান আলী, তেঁতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com