
ফরিদপুরের আলফাডাঙ্গায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৪) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান।
নিহত রবি আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন। আহতরা হলেন একই গ্রামের মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে তিন সঙ্গীকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন রবি। পথিমধ্যে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়।
পরে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৬ জুন গ্রাম্য কোন্দলের জেরে সুমন শেখ নামে এক যুবক খুন হন। নিহত রবি ছিলেন সুমন শেখের আপন চাচা। হামলায় আহত ব্যক্তিরাও একই পক্ষের লোক। ধারণা করা হচ্ছে, ওই পুরোনো শত্রুতা ও হত্যাকাণ্ডের জের ধরেই এ নৃশংস ঘটনা ঘটানো হয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]