
জরুরি উন্নয়নকাজের জন্য শুক্রবার (১১ সেপ্টেম্বর) রংপুর ও রাজশাহী জেলার বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী ও রংপুর বিভাগের বিক্রয় ও বিতরণ কেন্দ্র থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে শুক্রবার সকাল ৮টা থেকে টানা ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো রংপুর দপ্তরের ১১ কেভি মেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া একই দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে একই পোলে ডুয়েল সোর্স লাইন থাকায় গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৩ঘণ্টা ১১ কেভি মেডিকেল ও আরকে রোড-এ দুই ফিডারই বন্ধ থাকবে।
এদিকে, শুক্রবার রাজশাহীর বেশকিছু এলাকায়ও দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো-রুয়েট ক্যাম্পাস, ভার্সিটি ক্যাম্পাস, সাগরপাড়া, বোষপাড়া, মুহাম্মদপুর টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটি ও তৎসংলগ্ন এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]