
আসন্ন টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা সম্ভাব্য প্রার্থিতা সামনে রেখে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় বাড়িয়েছেন।
আশরাফ পাহেলীর চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির বিষয়টি সামনে আসায় টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি তিনি নির্বাচনী প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
রাজনৈতিক জীবনে আশরাফ পাহেলী টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে দলের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
আশরাফ পাহেলীর ঘনিষ্ঠজনরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগকে কাজে লাগিয়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী তিনি। এ লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত রেখেছেন।
সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে আশরাফ পাহেলী বলেন,জেলা পরিষদ জেলার মানুষের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সুযোগ পেলে দল-মতের ঊর্ধ্বে উঠে টাঙ্গাইলের মানুষের জন্য কাজ করতে চাই। জেলার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে জেলা পরিষদকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে জেলার প্রত্যন্ত এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনগণের প্রয়োজনভিত্তিক বিভিন্ন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হবে। জেলা পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এদিকে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যে চেয়ারম্যান পদে আশরাফ পাহেলীর সম্ভাব্য প্রার্থিতাও গুরুত্ব পাচ্ছে। তবে শেষ পর্যন্ত তার প্রার্থিতা দলীয় সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]