রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিকের উদ্যোগ
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২১:২৩
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিকের উদ্যোগ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও প্রাণিসম্পদ অধিদপ্তর।


এরই অংশ হিসেবে শুক্রবার (২৮ আগস্ট) সকালে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। এ সময় তাঁরা চিড়িয়াখানার বিভিন্ন শেড, খাঁচা, লেক ও দর্শনার্থীদের চলাচলের পথ ঘুরে দেখেন এবং অবকাঠামোগত উন্নয়ন ও দর্শনার্থীবান্ধব আধুনিকায়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।


পরিদর্শন শেষে প্রশাসক মাহফুজুর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নাগরিক সেবা নিশ্চিত করতে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসী রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন।


তিনি বলেন, নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নতুন পশুপাখি সংযোজন এবং আধুনিকায়নের বিষয়টি প্রধানমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি। এরই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রী ইতোমধ্যে চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন। আজ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসেছেন। আশা করছি, এর মাধ্যমে চিড়িয়াখানাকে নতুন রূপে সাজানোর কার্যক্রম আরও বেগবান হবে।


প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, রাসিক প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই চিড়িয়াখানাটির উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর আহ্বানে আমরা একটি বিশেষজ্ঞ টিম নিয়ে পরিদর্শনে এসেছি। আমাদের টিম দ্রুত ফিজিবিলিটি স্টাডি করবে। স্টাডির ভিত্তিতে বিশ্বের আধুনিক চিড়িয়াখানার আদলে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয়, আধুনিক ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তোলা হবে।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. মো. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. মো. সফিকুর রহমান, রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com