রাজশাহী সীমান্তে বিকল্প কর্মসংস্থানে বিজিবির উদ্যোগ, শুরু হলো মাসব্যাপী প্রশিক্ষণ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০১:৩৩
রাজশাহী সীমান্তে বিকল্প কর্মসংস্থানে বিজিবির উদ্যোগ, শুরু হলো মাসব্যাপী প্রশিক্ষণ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে রাজশাহীর গোদাগাড়ীতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাসব্যাপী এই প্রশিক্ষণে সীমান্ত এলাকার ২০ জন বেকার যুবক-যুবতী অংশ নিচ্ছেন, যাদের মধ্যে ১১ জন নারী। প্রশিক্ষণে গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, উন্নত জাত নির্বাচন,খাদ্য ও পরিচর্যা,রোগ প্রতিরোধ, প্রজনন,খামার ব্যবস্থাপনা এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।


অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন,এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। তাদের দেখে গোদাগাড়ীর অন্য যুবকরাও উৎসাহিত হবেন। প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী হতে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা নেওয়া হবে।


তিনি আরও বলেন,সীমান্তবর্তী মানুষের জন্য বিভিন্ন ধরনের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। ভবিষ্যতে প্রশিক্ষণার্থীদের আগ্রহ ও সরকারি সহযোগিতা পাওয়া গেলে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।


আয়োজকরা জানান,সীমান্তবর্তী এলাকার বেকার ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে বৈধ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে খামার গড়ে তুলে স্বাবলম্বী হতে পারবেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com