
গোপালগঞ্জে পৃথক তিনটি স্থান থেকে দুই কৃষকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলার ভট্টাচার্যের কান্দি গ্রামের একটি খাল, দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম ও কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রাম থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব জানান, গতকাল শনিবার বাড়ির কাছের জমিতে পাট কাটতে যান মিটু খলিফা। পাট কাটা শেষে খাল সাঁতরে বাড়িতে আসার সময় নিখোঁজ হন তিনি। এ সময় পরিবারের লোকজন খোঁজ করেও সন্ধান না পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসও খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। আজ সকালে মুকসুদপুর উপজেলার ভট্টাচার্যের কান্দি গ্রামের খালে কৃষক মিটু খলিফার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ছাড়াও নেশার টাকার জন্য বাবার সঙ্গে ছেলে শান্ত মোল্যার (২০) কথা কাটাকাটি হয়। পরে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে শান্ত। এরপর পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
অন্যদিকে, কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজের বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় বাবুল মিয়া নামে অপর এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রীর দাবি, বাবুল মাদকাসক্ত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]